জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আইন লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পুনর্বহালের আগে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক তদন্ত চালায়নি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)। যদিও চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ এবং এনভিডিয়ার গ্রাহকদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান তদন্ত ঘিরে জাতীয় নিরাপত্তার প্রশ্ন উঠেছিল।

বিষয়টি সম্পর্কে অবগত তিনজন সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এনভিডিয়ার দুই গ্রাহক প্রতিষ্ঠান সুপার মাইক্রো কম্পিউটার ও মেগাস্পিড ইন্টারন্যাশনালের বিরুদ্ধে উন্নত প্রযুক্তির চিপ চীনে পাচারের সন্দেহে চলমান তদন্তের ভিত্তিতে বিচার বিভাগ হুয়াংয়ের বিরুদ্ধে আইন লঙ্ঘনের কোনো প্রমাণ পায়নি।

সূত্রগুলোর মতে, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের এই মূল্যায়নই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সপ্তাহান্তে তিনি ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে জানান, হুয়াং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি এমন কোনো প্রমাণ তার কাছে নেই। তবে তদন্ত চলমান থাকায় এ মূল্যায়ন পরিবর্তিত হতে পারে।

হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের কংগ্রেস সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের মতে, এনভিডিয়া কিংবা এর প্রধান নির্বাহী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছিলেন কি না, সেই প্রশ্নগুলো এখনই এড়িয়ে যাওয়া উচিত নয়। পুনর্বহালের আগে অতিরিক্ত তদন্ত না হওয়ায় কংগ্রেসে আরও তদন্তের দাবি জোরালো হতে পারে।

এ বিষয়ে আগামী সপ্তাহে কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে হুয়াংয়ের।

সূত্রগুলোর দাবি, এনভিডিয়ার গ্রাহকদের বিরুদ্ধে বিচার বিভাগের তদন্তে হুয়াং চীনের হয়ে কাজ করেছেন কিংবা জেনেশুনে সংবেদনশীল সেমিকন্ডাক্টর প্রযুক্তি বা তথ্য চীনে স্থানান্তর করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এসব তদন্তে এনভিডিয়া সরাসরি লক্ষ্যবস্তু ছিল না। তবে কোম্পানিটি নথি, সাক্ষাৎকার ও অন্যান্য তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করেছে।

এদিকে হুয়াংয়ের বিরুদ্ধে আলাদা কোনো কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা তদন্তও চালানো হয়নি। তবে মেগাস্পিডের সাবেক নির্বাহী এবং হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগ থাকা অ্যালিস হুয়াংয়ের বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তথ্য সংগ্রহ করেছে বলে সংশ্লিষ্ট দুই সূত্র জানিয়েছে। অ্যালিস হুয়াং চীনা গোয়েন্দাদের সঙ্গে কাজ করার সন্দেহের আওতায় ছিলেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু এনভিডিয়া প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু করার মতো তথ্য মার্কিন কর্তৃপক্ষের হাতে ছিল না বলে সূত্রগুলোর দাবি।

কাউন্টার ইন্টেলিজেন্স তদন্ত সাধারণ ফৌজদারি তদন্ত থেকে আলাদা। এ ধরনের তদন্তের মূল লক্ষ্য জাতীয় নিরাপত্তার হুমকি পর্যবেক্ষণ ও প্রতিরোধ করা, সরাসরি অপরাধের অভিযোগ গঠনের জন্য প্রমাণ সংগ্রহ করা নয়।

বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্র জানিয়েছে, বিচার বিভাগের কর্মকর্তারা এনভিডিয়া ও হুয়াংয়ের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাননি এবং কোম্পানিটির প্রধান জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে সন্দেহ করেননি।

সোমবার মার্কিন বার্তাসংস্থা সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প তার সিদ্ধান্তের ব্যাখ্যায় জানান, বিচার বিভাগ ও ভ্যান্সের কাছ থেকে পাওয়া মূল্যায়ন এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে জানানো হয়েছিল। এরপর পর্ষদ হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়।

বুধবার ওহাইওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভ্যান্সও বলেন, পুনর্বহালের আগে বিচার বিভাগ ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানিয়েছিলেন, হুয়াং কোনো তদন্তের আওতায় ছিলেন না।

ভ্যান্স বলেন, ‘আমাদের জানানো হয়েছিল, তার বিরুদ্ধে কোনো তদন্ত চলছে না।’ তার মতে, হুয়াং কোনো আইন ভাঙেননি। ভ্যান্স আরও বলেন, ‘আমি এমন কোনো প্রমাণ দেখিনি যে তিনি কোনো অপরাধ করেছেন।’

গত ১২ নভেম্বর অ্যালিস হুয়াং ও অন্তত দুই সহকর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগ সামনে আসার পর এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেছিলেন জেনসেন হুয়াং। তিনি অনৈতিক সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগ নির্দিষ্টভাবে নিশ্চিত করেননি।

রয়টার্স অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তার পক্ষ থেকে কোনো উত্তর পায়নি এবং চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মে মাসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পকে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে অবহিত করেছিলেন। পত্রিকাটি আরও জানিয়েছিল, অ্যালিস হুয়াং ওই সম্পর্ক চলাকালে এক বছরেরও বেশি সময় ধরে চীনের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

হুয়াং পদত্যাগ করার পর ব্লাঞ্চ জানিয়েছিলেন, গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কোনো নারীর সঙ্গে তার সম্পর্কের খবর নিয়ে এফবিআই ‘খোঁজখবর নিচ্ছে’, তবে তখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ব্লাঞ্চ বারবার এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান যে, কীভাবে ট্রাম্প প্রশাসন হুয়াংকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিমুক্ত হিসেবে মূল্যায়ন করল। তবে এনভিডিয়ার কোনো অনিয়মের প্রমাণ তিনি পাননি বলে জানান।

ব্লাঞ্চ বলেন, ‘এনভিডিয়া একটি ভালো করপোরেট প্রতিষ্ঠান ছাড়া অন্য কিছু এমন কথা বলার কোনো কারণ আমার নেই।’

এদিকে হুয়াংয়ের ব্যক্তিগত আচরণের সঙ্গে সম্পর্কিত নয়, এমন কয়েকটি ব্যবসায়িক চুক্তি নিয়ে এনভিডিয়ার বিরুদ্ধে বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা আইনসংক্রান্ত পর্যালোচনাও চলছে।

বিচার বিভাগের এক মুখপাত্র এ বিষয়ে ব্লাঞ্চের বক্তব্যের দিকে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর আগে বিচার বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। এফবিআই ও জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম জানিয়েছিল, দুটি সংশ্লিষ্ট তদন্তের তথ্যের ভিত্তিতেই ব্লাঞ্চের মূল্যায়ন তৈরি করা হয়েছিল।

তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ফেডারেল কর্মকর্তারা প্রচলিত কাউন্টার ইন্টেলিজেন্স প্রক্রিয়া এড়িয়ে গেছেন।

সাবেক সিআইএ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সংগঠন দ্য স্টেডি স্টেটের প্রধান স্টিভ ক্যাশ বলেন, ‘জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগ নিয়ে বিচার বিভাগের কোনো আনুষ্ঠানিক তদন্তের খবর পাওয়া যায়নি। বিষয়টি উদ্বেগজনক, যদিও অবাক হওয়ার মতো নয়।’

আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনা গুপ্তচরবৃত্তির কৌশল সম্পর্কে এনভিডিয়ার নেতৃত্বকে অন্তত দুবার সতর্কতামূলক ব্রিফিং দিয়েছে এফবিআই। তবে এসব ব্রিফিং নিয়মিত নিরাপত্তা পরামর্শ ছিল, নাকি বিশেষভাবে অ্যালিস হুয়াংকে ঘিরে হুমকি সম্পর্কে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়। জেনসেন হুয়াং নিজেও এসব ব্রিফিং পেয়েছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

সাবেক দুই জ্যেষ্ঠ আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে গোয়েন্দা তৎপরতা ও গুপ্তচরবৃত্তির ঝুঁকি সম্পর্কে নিয়মিত সতর্ক করা হয়।

সাবেক সিআইএ কর্মকর্তা কেভিন ক্যারল বলেন, সতর্কবার্তা উপেক্ষা করা হলে এসব ব্রিফিং থেকে ফৌজদারি তদন্ত শুরু হতে পারে। তবে মূল উদ্দেশ্য হলো জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখা।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version