বেনাপোল (যশোর)প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন,পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় পূজার সার্বিক পরিবেশ, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।
চলতি বছর শার্শা উপজেলায় ২৪ টি ও বেনাপোল পৌরসভা ৮ টি মিলে সর্বমোট ৩২ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার উলাশী পূজামণ্ডপ থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে উলাশী, বাগআচড়া, কায়বা, পুটখালী ও গোগা এলাকার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে মণ্ডপ কমিটির সদস্য ও উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় পূজার আনন্দঘন পরিবেশ বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভাবে উৎসব সম্পন্ন করার বিষয়ে খোঁজখবর নেন তাঁরা।কর্মসূচির অংশ হিসেবে সরকার পক্ষ থেকে দেওয়া উপহারসামগ্রী হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের হাতে শাড়ি তুলে দেওয়া হ। এ সময় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন ও কুদ্দুস আলী বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু এবং গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
