ঝিনাইদহ প্রতিনিধি: দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে রাজনীতিবিদ ও রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনীতিবিদরা নিজেরা দুর্নীতিমুক্ত না হলে অন্যকে দুর্নীতি বন্ধের কথা বললে মানুষ তা নিয়ে হাসবে।
বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, চাকরি দেওয়ার কথা বলে কারও কাছ থেকে টাকা নিলে সেদিনই তার সঙ্গে শেষ দেখা হবে। ব্যক্তিগতভাবে কারও উপকার করার প্রয়োজন হলে তিনি তা করবেন। তবে কোনো কাজ করতে না পারলে সরাসরি জানিয়ে দেবেন।
তিনি আরও বলেন, আগে টিআর ও কাবিখার টাকা কাগজে-কলমে কাজ দেখিয়ে উত্তোলন করা হতো। এখন সেই সুযোগ বন্ধ করা হয়েছে। বরাদ্দের টাকা দিয়ে নির্ধারিত কাজ করতে হবে, তা নিশ্চিত করা হয়েছে।
শিক্ষক ও সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তারা যেন নিজ নিজ সমাজে বলতে পারেন, তাদের সংসদ সদস্য ও মন্ত্রীরা ঘুষ খান না।
পরে আইনমন্ত্রী শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বড় চ্যালেঞ্জ। এ প্রযুক্তি যারা তৈরি করেছেন, তারাও এটি নিয়ে উদ্বিগ্ন। সরকার কীভাবে এ প্রযুক্তিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, তা নিয়ে কাজ করছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম রেজা ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সুভাষ চন্দ্র সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান বাবলু, প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ কয়েকশ শিক্ষক ও স্থানীয় সাংবাদিক।
