শার্শায় পুলিশের অভিযানে ১৮টি স্বর্ণের বার উদ্ধার, মোটরসাইকেলসহ আটক ১

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ মো. আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরা মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

শার্শা থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেনের নেতৃত্বে এবং শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হকের তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন থানার এসআই শেখ মো. জাহিদুল আলমসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

অভিযান চলাকালে দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন সড়কে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক অপর দুই ব্যক্তির পরিচয় ও ঠিকানা শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আলাউদ্দীনকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।

উল্লেখ্য, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version