বেনাপোল (যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় বিজিবির অভিযানে ২৪ লাখ ৪২ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শার্শা উপজেলার যশোর বেনাপোল মহাসড়কের আফিল উইভিং জুটমিলের সামনের পাকা সড়ক থেকে তাঁকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জালাল উদ্দিন শেখের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় থাকা ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিলেন।
আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চর বাড়ৈখালী গ্রামের মৃত কাসেম আলী শেখ এর ছেলে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা, মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ অর্থের পরিমাণ ৩ হাজার ২৪০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বার যশোর ট্রেজারিতে জমা হয়েছে বলে জানা যায় উদ্ধার করা
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ পাচারকারীদের আটক এবং পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হচ্ছে। সীমান্তে স্বর্ণ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
