ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’র ছবি ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আরও ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর আগে বিতর্কের জেরে সংস্থাটির এক গবেষণা কর্মকর্তাকে বদলি করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে এনসিটিবির সহযোগী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) ড. মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, সহযোগী অধ্যাপক (বিশেষজ্ঞ-গণিত) মোহাম্মদ হুমায়ন কবীরকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, সহযোগী অধ্যাপক (বিশেষজ্ঞ-শিক্ষা) মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এবং সহযোগী অধ্যাপক (ইসলামিক আদর্শ) ড. মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বদলি করা হয়েছে।
এ ছাড়া অধ্যাপক (ইতিহাস) রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, সহযোগী অধ্যাপক (প্রাণিবিদ্যা) ও গবেষণা কর্মকর্তা মো. মনির হোসেন মজুমদারকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ/সমাজকর্ম) মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে, সহযোগী অধ্যাপক (ইংরেজি) ও বিশেষজ্ঞ আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং সহকারী অধ্যাপক এসএম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়েছে।
