বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, ফুসকা, কিসমিস, চকলেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১০৭টি শাড়ি, একটি কম্বল, ১৩টি চাদর, ১৫ প্যাকেট ফুসকা, এক কেজি কিসমিস, ২৪১টি চকলেট এবং ২৪৫টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে আটক করার লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
