বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯-বিজিবি)।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২০৫টি শাড়ি, ১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০ প্যাকেট ফুসকা, ৬.৫ কেজি কিসমিস, ৬২০টি চকলেট ও ৭৯৮টি কসমেটিকস সামগ্রী।
শনিবার (৩১ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৪৭ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
