আন্ত:সীমান্তে হত্যা সহ নানাবিধ অপরাধ প্রতিরোধে ভারতের পেট্রোপোল সীমান্তে বিজিবি- বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত।

বেনাপোল(যশোর)প্রতিনিধি: বাংলাদেশ ও ভারতের আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদার, সীমান্ত হত্যা বন্ধ এবং সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি ও বিএসএফ এর মধ্যে  উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার  (৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের বিজিবি রিজিয়ন কমান্ডার ও বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ ও সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৬ সদস্যবিশিষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অপরদিকে, ৭ সদস্যবিশিষ্ট ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্তসমূহ সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি বেলা ১টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ- পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, যশোর কতৃক এক
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version