তারা আবার উড়ে এসে জুড়ে বসবে, এটা সম্ভব নয়

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে রিজভী

ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যারা নিজের দেশের সন্তানের রক্ত পান করতে দ্বিধা করে না, তারা আবার উড়ে এসে জুড়ে বসবে আর জনগণ তা মেনে নেবে, এটা কোনোদিনই সম্ভব নয়।

রোববার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, এত মানুষের রক্ত ঝরিয়ে, এত নির্যাতন চালিয়ে নির্মম ও নিষ্ঠুরভাবে দেশ পরিচালনা করেছেন যিনি, তিনি এখন বলছেন, ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। কিন্তু এ দেশের মানুষের চোখের সামনে এখনও ভাসছে সেই তরতাজা শিশু-কিশোর ও তরুণদের মুখ, যারা বুক পেতে বুলেট গ্রহণ করেছিলেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে মহিমান্বিত গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই বিপ্লব কি মুছে ফেলা যাবে? আবু সাঈদের আত্মত্যাগ, মুগ্ধের আত্মত্যাগ, ওয়াসিম আকরামের আত্মত্যাগ- এসব কি মুছে ফেলা যাবে?

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শেখ হাসিনা হঠাৎ প্যারাসুট দিয়ে নেমে আসবেন, সবাই ঢোল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানাবে- এটি কি কখনও সম্ভব?

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে ৭ নভেম্বরের চেতনার মিল তুলে ধরে রিজভী বলেন, ‘মানুষের ভেতরে যে ক্ষোভ জমে উঠেছিল, তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনাও ছিল ৭ নভেম্বরের চেতনা। অর্থাৎ আধিপত্যবাদী শক্তি এবং তাদের এ দেশীয় অনুচররা যতই চেষ্টা করুক, ১৮ কোটি মানুষের এই দেশকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশকে কখনও আধিপত্যবাদের থাবার মধ্যে নিয়ে আসা যাবে না।’

দীর্ঘদিন দিবসটি পালনে বাধার কথা উল্লেখ করে রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। ১৯৭৬ সাল থেকেই দিবসটি সরকারিভাবে পালিত হয়ে আসছিল। কিন্তু শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর এটি সরকারিভাবে পালন করতে দেওয়া হয়নি। তবে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করেছে। ফলে ৭ নভেম্বরের তাৎপর্য ও অন্তর্নিহিত চেতনা কখনও মুছে যায়নি।

দলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, ‘শত আক্রমণ ও হুমকির মুখেও তারেক রহমান দেশের হাল ধরে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রের মাঝেও দলকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। ৭ নভেম্বর আমাদের এমন একটি কম্পাস, যা বিপদের সময়ও সঠিক পথ দেখায়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন: ছাত্রদল আয়োজিত আলোচনা সভা বয়কট করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সুপার ফাইভের বাইরে থাকা নেতারা। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ না রাখায় ক্ষোভ প্রকাশ করে সভায় অংশ না নিয়ে মিলনায়তনের বাইরে অবস্থান নেন তারা।

বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের গুরুত্বপূর্ণ সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকদের বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়নি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সুপার ফাইভের নেতাদের পাশাপাশি অন্য ইউনিটের নেতারাও মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন।

কালীগঞ্জে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে বিরাট দাবি রাখে সমবায়। মধ্যস্থতাভোগীদের নির্ভরতা কমিয়ে দেয় এই সমবায়। পাশাপাশি অর্থনীতির মন্দার অবসান ঘটায়। ইংল্যান্ড থেকে যাত্রা শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে।

রোববার গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূইয়া। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান।

আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তামান্না তাবাসসুম, কালব–এর চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির, সমবায়ী আশরাফী হাবিবুল্লাহ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নায়েবুর রহমান মাসুদ, নাগরী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল ডেনিস রোজারিও, মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারি সানজিতা রোজারিও প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version