নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এর মধ্যে একজন লাইফ সাপোর্টে আছে।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ধোঁয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
আইসিইউতে থাকা তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
জানা গেছে, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষে আগুন লাগে এবং মুহূর্তেই তা পুরো ভবনে ঘন ও বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে। ঘুমন্ত অবস্থাতেই শিক্ষার্থীরা তীব্র শ্বাসকষ্ট ও ‘ইনহেলেশন বার্ন’ (শ্বাসনালি পুড়ে যাওয়া)-এ আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, মাদ্রাসাটি ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়লে অসুস্থ হয়ে পড়েন সবাই।
কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। লাইব্রেরির বইয়ে আগুন লাগার কারণে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানতে চাইলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
