বাবাকে কথা দিয়ে ১৬০ রানের ইনিংস খেললেন শেবাগের ছেলে

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় সেঞ্চুরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবাকে। সেই কথা রেখেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত ১৬০ রানের ইনিংস খেলেছেন ভারতের তরুণ ওপেনার আর্যবীর শেবাগ। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ভারত।

ম্যাচসেরা নির্বাচিত হওয়া আর্যবীর ১৬৮ বলের ইনিংসে করেছেন ১৬০ রান। ব্যাটিংয়ের জন্য কিছুটা কঠিন এবং টার্ন পাওয়া উইকেটে প্রায় ৪০ ওভার ক্রিজে থাকার লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিলেন তিনি। পরপর ডট বল হলেও বিচলিত হননি। নিজের পরিকল্পনায় অটল থেকে বড় ইনিংস গড়েছেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্যবীর বলেন, ‘দারুণ লাগছে। উইকেটে কিছুটা টার্ন ছিল। শুরুতেই ঠিক করেছিলাম লম্বা সময় ব্যাট করব, প্রায় ৪০ ওভার ক্রিজে থাকব। উইকেটে কিছু চ্যালেঞ্জ ছিল। তবে ডট বল নিয়ে ভাবিনি। জানতাম, পরে পুষিয়ে নিতে পারব। বড় রান করতে চেয়েছিলাম। আজ বড় রান করার প্রতিশ্রুতি দিয়েছিলাম একজনকে। সৌভাগ্যক্রমে সেটি করতে পেরেছি। সেই মানুষটি আমার বাবা (বীরেন্দ্র শেবাগ)। তাকে বলেছিলাম, বড় একটি সেঞ্চুরি করব। তার রেখে যাওয়া ঐতিহ্য ধরে রাখার দায়িত্বও আমার আছে। কারণ, বাবা শুধু বড় সেঞ্চুরিই পছন্দ করেন।’

আর্যবীরের ইনিংসে ছিল ১৭টি চার ও ৭টি ছক্কা। তার ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৯ রান করে ভারত। এ ছাড়া ভিকে বিনীতের সঙ্গে ১৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। ৬৯ বলে ৬৭ রান করেন বিনীত।

জবাবে ভারতের বোলারদের সামনে ২৩৯ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। চার উইকেট নিয়ে বল হাতে বড় অবদান রাখেন ঈশান সুদ। ৭০ রানের জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত।

শুকনো উইকেটে ব্যাটারদের লড়াকু সংগ্রহ গড়ার প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। জয়ের ভিত গড়ে দেওয়া আর্যবীর ও বিনীতের জুটির অবদানও আলাদাভাবে উল্লেখ করেছেন তিনি।

লক্ষ্য বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করেছি। এই উইকেটে আমাদের সংগ্রহ ছিল প্রত্যাশার চেয়ে বেশি। পরে স্পিনাররা কিছুটা প্রতিরোধ গড়েছিল, সেটিও ছিল ভালো দিক। উইকেট ভালো ছিল, তবে শুকনো। কোনো আর্দ্রতা ছিল না। সঠিক জায়গায় বল করে চাপ ধরে রাখতে হতো। ঈশান খুব ভালো বোলিং করছে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। আর্যবীর ও বিনীতের জুটিটি ছিল দারুণ। এই জুটি আমাদের ম্যাচে এগিয়ে দিয়েছিল। আর্যবীরের ইনিংসের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়ে ব্যাট করেছে ভিকে বিনীত। সব মিলিয়ে ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স ছিল।’

মাঠে ক্যাচ ছাড়ার পাশাপাশি ইনিংসের মাঝের দিকে আগ্রাসনের ঘাটতিকে হারের কারণ হিসেবে দেখেছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আয়ান মিসবাহ। তবে গত বছরের তুলনায় দলের ব্যাটিংয়ে উন্নতি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। তার মতে, এখন দলটি পুরো ৫০ ওভার ব্যাট করতে পারছে এবং ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষেও ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ছে।

আয়ান বলেন, ‘আমরা কয়েকটি ক্যাচ ছেড়েছি। তবে আমাদের বোলিং ভালো হয়েছে। আয়োবির শুরু থেকেই খেলার যোগ্যতা ছিল। তবে সে নিজের নির্ধারিত ভূমিকায় সঠিক জায়গায় খেলছিল। আমার মনে হয়, ইনিংসের মাঝের দিকে আমাদের আগ্রাসনের অভাব ছিল। কয়েকজন ব্যাটার কিছুটা ঢিলেঢালা খেলেছে। এটাই ছিল আমাদের সমস্যা। নুরুল্লাহ এখন যে অবস্থানে আছে, সেটিই তার জন্য সঠিক। সে সেখানে ভালো করছে। আমার মনে হয় না, তাকে অন্য কোথাও নেওয়ার প্রয়োজন আছে। গত বছরের তুলনায় আমাদের ব্যাটিংয়ের উন্নতি হয়েছে। এখন আমরা পুরো ৫০ ওভার ব্যাট করতে পারছি। ভারত ও পাকিস্তানের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করছি। এতে আমি খুবই খুশি। সামনে বিশ্বকাপের বাছাইপর্বের আগে এটি আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে।’

৭০ রানের এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ভারত। এবার তাদের লক্ষ্য সেমিফাইনালের চ্যালেঞ্জ।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version