উয়েফা নেশনস লিগে ফ্রান্সের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না মার্কাস থুরাম ও অরেলিয়েন চুয়ামেনি। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড থুরাম। অন্যদিকে ডান পায়ের অ্যাডাক্টর পেশির চোটে মাঠের বাইরে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার চুয়ামেনিকে।
রোববার ইতালিয়ান সিরি আ-তে কোমোর বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পান থুরাম। ওই ম্যাচে দলের দ্বিতীয় গোলটিও করেছিলেন তিনি। চোটের কারণে সোমবার অনুশীলনে অংশ নিতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
মঙ্গলবার ফ্রান্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সকালে শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় এবং চিকিৎসা পরীক্ষার পর ফ্রান্স জাতীয় দলের চিকিৎসক দল ইন্টার মিলান ও খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে তাকে ক্লাবে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
থুরামের পরিবর্তে বোর্নমাউথের ফরোয়ার্ড জুনিয়র কৃপ্পিকে দলে ডেকেছেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। এখনো জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া কৃপ্পি ২০২৫ সালে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া ফ্রান্স দলেও ছিলেন তিনি।
গত মাসে বোর্নমাউথের হয়ে মাঠে ফিরেছেন কৃপ্পি। মৌসুম শুরুর আগে দলের অনুশীলন শিবিরে পায়ের চোটে পড়েছিলেন তিনি। অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
এদিকে চুয়ামেনির পরিবর্তে নতুন কাউকে দলে ডাকবেন না জিদান। চলতি গ্রীষ্মে অনুষ্ঠিত বিশ্বকাপেও একই ধরনের চোটে পড়েছিলেন এই মিডফিল্ডার। এবার অনুশীলনে আবারও ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট পেয়েছেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে ফিরছেন রিয়াল মাদ্রিদে।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার ইতালির মাঠে খেলবে তারা। এরপর তিন দিন পর তুরস্ককে আতিথ্য দেবে ফরাসিরা।
তবে একের পর এক চোটে বেশ বিপাকে পড়েছেন জিদান। এর আগে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে দল থেকে ছিটকে গেছেন জুভেন্টাসের ডিফেন্ডার পিয়েরে কালুলু। তার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রাইটব্যাক সায়েল কুম্বেদি।
এ ছাড়া চোটের কারণে দলে নেই উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, ম্যাক্সঁস লাক্রোয়া, মানু কোনে, উসমান দেম্বেলে ও এস্তেবান লেপলু। ফলে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে খেলোয়াড় সংকটে পড়েছে ফ্রান্স।
