পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। শুধু তাই না, পাকিস্তানি নায়িকাদের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন এই সুপারস্টার। কথার এ পর্যায়ে পাকিস্তানের সিনেমা হলের সংখ্যা নিয়েও কথা বলেন শাকিব খান।
তিনি জানান, পাকিস্তানে বর্তমানে সিনেমা হল ও আধুনিক মাল্টিপ্লেক্সের সংখ্যা ১ হাজার থেকে ১২শ। এমনকি তাদের সিনেমা ব্যবসা সফল হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকা গড় ব্যবসাও করে। নায়কের এমন বক্তব্য নিয়েই নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে, এত বড় ভুল তথ্য কোথা থেকে পেলেন শাকিব খান?
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে এক প্রতিবেদনে জানায়, দেশটিতে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা রয়েছে। অন্যদিকে ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। ওই সময় দেশটিতে সচল পর্দার সংখ্যা নেমে আসে ১১৫টিতে।
অর্থাৎ, পাকিস্তানে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার দাবির সঙ্গে প্রকাশিত এসব তথ্যের বড় ব্যবধান রয়েছে। বিভিন্ন সূত্র থেকে ১২০০টি সচল হলের পক্ষে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এদিকে, শাকিবের বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর নেটদুনিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, চলচ্চিত্রের মতো একটি শিল্পে আন্তর্জাতিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশের বাজার সম্পর্কে আরও নির্ভুল তথ্য নেওয়া কি জরুরি ছিল না?
কেউ কেউ জানতে চাইছেন, এত বড় একটি তথ্যগত ভুল তিনি কীভাবে করলেন এবং কোন সূত্রের ওপর নির্ভর করে এমন বক্তব্য দিলেন।
তবে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের আগ্রহকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। দুই দেশের শিল্পীদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হলে নতুন বাজার ও দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু সেই সম্ভাবনার কথা বলতে গিয়ে সিনেমা হলের সংখ্যা নিয়ে দেওয়া ভুল তথ্যই এখন শাকিবের বক্তব্যের আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
