খুলনা প্রতিনিধি: সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যু সম্রাট বাহিনীর হাতে জিম্মি ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গতকাল রোববার দুপুরে খুলনার দাকোপ উপজেলার শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের রেখে বনের গভীরে পালিয়ে যায় দস্যুরা।
আজ সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।
উদ্ধার জেলেরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত ১০ অক্টোবর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা মুক্তিপণের জন্য ওই ৪ জেলেকে জিম্মি করে। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদের ওপর নির্যাতনও চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে দাকোপের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় সম্রাট বাহিনীর অবস্থান শনাক্ত করে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান।
পরে গতকাল রোববার দুপুর ২টার দিকে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জিম্মি ৪ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সুন্দরবনের বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অপারেশন ‘রেস্টোর পিস ইন সুন্দরবন’ এবং অপারেশন ‘ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান চলছে।
এসব অভিযানের মাধ্যমে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের চেষ্টা করা হচ্ছে।